দেশের দ্বিতীয় বৃহত্তর বিল হিসেবে পরিচিতি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিলে এবার ৩,৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আগের বছরগুলোতে বন্যার পানিতে ধানের ক্ষতি হলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় এই বিলে আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। গুমাই বিল ছাড়াও উপজেলার অন্যান্য বিল ও কৃষিজমিতে আমনের ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। তবে ধানের দাম কম এবং উৎপাদন খরচ বেশি পড়ার আশঙ্কা করছেন কৃষকরা ।
সরেজমিন দেখা যায়, উপজেলার গুমাই বিল, নোয়াগাঁও বিল, তলয়ভাঙা বিল, পোমরা, বেতাগী, পারুয়া, দক্ষিণ রাজানগর, রাজানগর, কোদালা, শিলক, পদুয়া বিলসহ উপজেলার বিভিন্ন বিলে আবাদকৃত ধান পেকেছে। মাঠজুড়ে পাকা ধানের মিষ্টি গন্ধের সুবাস মাঠ ছাড়িয়ে জনপদে ছড়িয়েছে। বাজার থেকে শ্রমিক এনে বৃষ্টির আগে যেন পাকা ধান ঘরে তোলা যায়, সে চেষ্টায় ব্যতিব্যস্ত কৃষকরা। এর মধ্যে কিছু কিছু পাকা ধান ঘরে তোলা শুরু হয়েছে।
বাম্পার ফলনেকৃষিসংশ্লিষ্টরা বলছেন, এখন যে ধানগুলো কাটা হচ্ছে, তা আগাম জাতের ধান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলায় ১৫ হাজার ৪৫৭ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে ১,৫৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। উফশী জাতের জাতভেদে প্রতি হেক্টরে ৫.৬ থেকে ৬.২ টন ধান উৎপাদন হচ্ছে। প্রতি হেক্টর জমিতে হাইব্রিড জাতের ৬.৫ থেকে ৮.৭ টন উৎপাদন হচ্ছে। চলতি বছর থেমে থেমে বৃষ্টি, আবহাওয়া অনুকূলে থাকা ও রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী গুমাই বিলে ৩,৫০০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে।
কৃষকরা জানিয়েছেন, এবার আবহাওয়া অনূকুলে ছিল, পর্যাপ্ত বৃষ্টিপাতও হয়েছে। তবে সারের দাম বেশি, শ্রমিকের চড়া মজুরি এবং সেচের জন্য বাড়তি দামে জ্বালানি কিনতে হয়েছে। এর ফলে কানিপ্রতি আবাদ খরচ ২৭ হাজার টাকার বেশি পড়েছে। কিন্তু কানিতে ফলন ১২০-১৩০ আড়ি (এক আড়িতে ১০ কেজি) পাওয়া যাচ্ছে। এতে বর্তমান বাজারদর অনুযায়ী ২০ হাজার টাকার বেশি পাওয়া যাবে না। তাই সরকারি ধান সংগ্রহে প্রকৃত কৃষকদের গুরুত্ব দেওয়া, ধানের ন্যায্যদাম নিশ্চিতসহ বাজার তদারকির দাবি জানিয়েছেন কৃষকরা।
গুমাই বিলের কৃষক পাঠানপাড়া চৌধুরী গুট্টার বাসিন্দা রহিম উদ্দীন জানান, এবার আমন ধানের সার্বিক পরিস্থিতি ভালো অবস্থানে আছে। সঠিক সময়ে সার ও বালাইনাশক ব্যবহার করার ফলে আমন ধানে রোগ ও পোকার আক্রমণ নেই বললেই চলে। এবার আমি ছয় কানি জমিতে আমন ধান চাষ করেছি। সৃষ্টিকর্তা সহায় হলে এ বছর ভালো লাভ হবে বলে প্রত্যাশা করছেন।
মরিয়ম নগর ইউনিয়নে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার শীল বলেন, এ বছর আমন ধানের বাম্পার ফলন হবে বলে মনে হচ্ছে। আমন ধানের জমিতে রোগ ও পোকার আক্রমণ খুবই কম পরিলক্ষিত হয়েছে। আমরা নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদের সঠিক পরামর্শ দিয়েছি এবং কৃষকরাও পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। ফলে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল বলেন, এবার গুমাই বিলে আমনের বেশ ভালো ফলন হয়েছে। কৃষি অফিসের মাঠপর্যায়ে তদারকি, সময়মতো কীটনাশক প্রয়োগ ও কীট দমনে প্রাকৃতিক পদ্ধতির ব্যবহার, কৃষকদের অক্লান্ত পরিশ্রম, সর্বোপরি আবহাওয়া ভালো থাকায় এবার ফলন প্রত্যাশার চেয়ে ভালো হবে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



