জীবনের মূল্য এক লাখ টাকা রেলওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার সচেতন নাগরিক সমাজ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের চিত্র ফুটে উঠেছে ।
এই বিষয়ে কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল বলেন, স্বাধীন দেশে সরকারের দায়িত্ব হচ্ছে তার দেশের নাগরিককে দেখভাল করা। এক লাখ টাকা কোন টাকাই না। এটা দেয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। এক লাখ টাকা কোন টাকাই না। যে মন্ত্রী এটা ঘোষণা করেছেন তার কাণ্ডজ্ঞান নিয়ে আমার প্রশ্ন আছে । কিভাবে উনি এটা বলতে পারেন। তার মন এতো নিচু এবং ছোট কেন? তার পরিবারের কোনো লোক মরলে এক লাখ টাকা নিতে পারতেন নাকি।
কুমিল্লার স্থানীয় পত্রিকা ‘কুমিল্লার কাগজের’ সম্পাদক আবুল কাশেম হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, একজন মানুষের জীবনের মূল্য কি মাত্র এক লাখ টাকা? পৃথিবীতে মনে হয়, বাংলাদেশেই মানুষের এমন মূল্য নির্ধারণ করা হয়। অন্য কোনো দেশে হলে রেলমন্ত্রী পদত্যাগ করতেন, নিহতের পরিবার যথাযথ ক্ষতিপূরণ পেতেন। যেহেতু দুর্ঘটনাটি অবহেলাজনিত, সেহেতু সংশ্লিষ্টরা আইনের আওতায় আসতেন। কিন্তু এটা বাংলাদেশ—এখানে মানুষের মূল্য মাত্র এক লাখ টাকা!
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা সভাপতি শাহ মুহাম্মদ আলমগীর খান বলেন, একটি জীবনের মূল্য কখনোই এক লাখ টাকা হতে পারে না। আমাদের আরো সচেতন হতে হবে কোটি টাকা দিলেও একটি জীবন ফিরে পাওয়া যাবে না। এক্ষেত্রে সরকারের উচিত এমন একটি অনুদান দেওয়া যাতে করে তার পরিবার এটার উপর নির্ভর করে ভবিষ্যতে চলতে পারে । জীবনের মূল্য টাকাই হয় না ।
উল্লেখ্য: শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

