আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির প্রচারে শীর্ষ সন্ত্রাসীর নামে স্লোগান, প্রার্থী বলছেন মিথ্যা

চট্টগ্রাম ব্যুরো

বিএনপির প্রচারে শীর্ষ সন্ত্রাসীর নামে স্লোগান, প্রার্থী বলছেন মিথ্যা
শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম।

চট্টগ্রামের রাউজান উপজেলায় নির্বাচনি মাঠে এখন সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ রায়হান আলম। পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী, আটটি হত্যা মামলার আসামি এই রায়হানের নামে প্রকাশ্যে স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে প্রচারের সময় এই স্লোগান দেন একদল বিএনপি নেতাকর্মী। তবে পুলিশ জানিয়েছে, তার নামে স্লোগান হলেও ওইদিন তিনি উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন

তবে শনিবার ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয় পূর্ব রাউজানে রশিদের পাড়ায় আয়োজিত এক প্রচার সমাবেশে মোটরসাইকেল নিয়ে হাজির হন রায়হান। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওইদিন তিনি উপস্থিত ছিলেন না। ঘটনাস্থলে নিজে উপস্থিত না থাকলেও ওইদিনের নিজের ফেসবুকে ভিডিও পোস্ট দিয়ে ভোট চান তিনি।

বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জানিয়েছেন, তার সমাবেশে মোহাম্মদ রায়হান আলমের নামে কোনো স্লোগান হয়নি। তিনি অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন নিউজে তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

গিয়াস উদ্দিন কাদের আমার দেশকে বলেন, রশিদের পাড়ায়-তো প্রশ্নই আসে না। ফেসবুক ভিত্তিক কিছু অনলাইন আমার নামে মিথ্যা তথ্যও ছড়াচ্ছে। রায়হান উপস্থিত না থেকেও বলছে, আমার প্রচারণায় উপস্থিত ছিল। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

ফেসবুকে দাবি করা হয়েছিল, রাউজানের একটি সমাবেশে মোটরসাইকেল নিয়ে হাজির হন রায়হান এবং তার সমর্থকরা ‘রায়হান এক্সপ্রেস’ টি-শার্ট পরে সমাবেশে অংশ নেন। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এবং এলাকায় নিরাপত্তার উদ্বেগ তৈরি হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সিরাজুল ইসলাম জানান, আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই যে রায়হান সমাবেশে উপস্থিত ছিলেন বা এলাকায় আসছেন।

তবে আমার দেশের রাউজান প্রতিনিধি জানিয়েছেন, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাউজানের কদলপুরে এলাকায় তার সহযোগিতায় ধামা ইলিয়াস নামে একজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।

এর আগে অভিযুক্ত রায়হানের ওয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, তার নামে সবগুলো মামলায় মিথ্যা। তিনি কোনো হত্যাকাণ্ডে জড়িত নন। ওইসময় তিনি দাবি করেছিলেন, একে ৪৭ নিয়ে একটি এআই ছবিও ভাইরাল করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন