লাকসাম-নোয়াখালী রেলপথ উন্নয়নে ৪০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: জনপ্রশাসন সচিব

লাকসাম-নোয়াখালী রেলপথ উন্নয়নে ৪০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: জনপ্রশাসন সচিব

নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই প্রকল্পের আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি ঢাকা-নোয়াখালী রুটে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়েসুর রহমান, বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সুমন ও চৌমুহনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. নোমান।

পরিদর্শনকালে জনপ্রশাসন সচিব বলেন, নোয়াখালী ও চৌমুহনী অঞ্চলের স্টেশনগুলোর প্ল্যাটফর্ম ছোট হওয়ায় যাত্রীদের ওঠা-নামায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যা সমাধানে প্ল্যাটফর্মের বিপরীত পাশে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের একটি নতুন অংশ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এটি চালু হলে একযোগে ১৬টি কোচবিশিষ্ট ট্রেনের যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মের মেঝে পেভিং করা, অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থার অসম্পূর্ণ কাজ শেষ করা এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার। জনমানুষের কল্যাণে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে। নোয়াখালীবাসীর স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুবিধার জন্য বন্ধ হয়ে যাওয়া ‘নোয়াখালী এক্সপ্রেস’ এবং নতুন বরাদ্দকৃত আন্তনগর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ খুব শীঘ্রই চালু করা হবে।

রেলপথ আধুনিকায়নের বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম জানান, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮-৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসনের জন্য পূর্বাঞ্চল রেলওয়ের আওতায় প্রায় ৪০ কোটি টাকার একটি প্যাকেজের দরপত্র গত ৫ নভেম্বর আহ্বান করা হয়েছে। এর আওতায় ক্ষয়প্রাপ্ত রেলপাত ও স্টিল স্লিপার পরিবর্তন, নতুন পাথর (ব্যালাস্ট) স্থাপন, ফিটিংস আধুনিকায়ন, ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর মানোন্নয়ন করা হবে।

ঢাকা-নোয়াখালী রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা প্রসঙ্গে সচিব জানান, মিটারগেজ ইঞ্জিনের (লোকোমোটিভ) কিছুটা সংকট থাকায় নতুন ট্রেন পরিচালনা আপাতত আটকে রয়েছে। তবে চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ (প্রতিটি প্রায় ৫০ কোটি টাকা) ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে এসব ইঞ্জিন ও নতুন কোচ বহরে যুক্ত হবে। এগুলো হস্তান্তরিত হলে বর্তমানে চলাচলকারী ‘উপকূল এক্সপ্রেস’-এর বহর আধুনিকায়নের পাশাপাশি ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর কাজ পুরোপুরি প্রস্তুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন