সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে। এর আগে গত সপ্তাহে একই উপজেলার দয়ামীর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতির নিজ এলাকা ঘেঁষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মিছিলের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সর্বশেষ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজারে মশাল মিছিলের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা মিছিলের প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের ধাওয়া করলে তারা কাশিকাপন, তেরমাইলসহ আশপাশের বিভিন্ন গ্রামের দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে ওসমানীনগর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় পুলিশ তিনজনকে আটক করে। একই সময়ে উপজেলার দয়ামীর এলাকায় স্থানীয় জনতা আরও চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ নিয়ে পুলিশ ও স্থানীয় জনতার হাতে মোট সাতজন আটক হন। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের হাতে আটক তিনজন হলেন- জালালাবাদ থানার টুকেরবাজার (বানাগাঁও) এলাকার কামরুল হাসান সাগরের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬), কোতোয়ালি থানার শেখঘাট (নবাবপুর) এলাকার আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১) এবং দক্ষিণ সুরমা থানার পৈতপাড়া (শিববাড়ী) এলাকার সুরেশ পালের ছেলে হৃদয় পাল (২০)।
জনতার হাতে আটক অপর চারজনের মধ্যে জালালাবাদ থানার কাজির গাঁও (বাদাঘাট) এলাকার আহমদ আলীর ছেলে সুফিয়ান আহমদ (২৬), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাওয়া কাপন গ্রামের আবেদ আলীর পুত্র রুহেল আরমান, (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আশুরাইল গ্রামের মিজান মিয়ার পুত্র রমজান হোসেন(২৬) সিলেট জেলার শাহপরান থানার জনাব আলীর পুত্র তোফাজ্জল হোসেন (২৫)। আটক ব্যক্তিরা পুলিশের কাছে দাবি করেছে তারা স্থানীয় বাসিন্দা নন, স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাইরে থেকে নিয়ে এসেছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্রগুলো পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

