লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’ সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মতিরহাট মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
জানা যায়, স্থানীয় জেলে মনু মাঝির জালে ধরা পড়া বড় আকৃতির ইলিশটি সারু মিয়ার আড়তে তোলা হয়। সেখানে ৬ হাজার টাকা থেকে নিলাম শুরু হয়ে সর্বোচ্চ ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী।
মতিরহাট মাছঘাটের আড়তদার মো. খোকন বলেন, “মনু মাঝির জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে সেটি আড়তে আনা হলে নিলামে সর্বোচ্চ দর দিয়ে রিয়াজ বেপারী মাছটি কিনে নেন।”
ক্রেতা মো. রিয়াজ বেপারী বলেন, “এখন বড় ইলিশ খুব একটা ধরা পড়ে না। বাজারেও বড় ইলিশের চাহিদা ও দাম বেশি। তাই নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছি। এটি চাঁদপুরে পাঠানো হবে। সেখানে ভালো দাম পাওয়া যায়। আশা করছি, প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব।”
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, “বর্তমানে নদীতে ইলিশের পরিমাণ তুলনামূলক কম। যে মাছ ধরা পড়ছে, তার বেশিরভাগই ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। ফলে বড় আকৃতির ইলিশের চাহিদা ও বাজারমূল্য দুটোই বেশি। আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়তে পারে বলে আশা করছি।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

