বারবার সন্তানকে নিষেধ করার পরও মাদক থেকে দূরে রাখতে পারেননি। নিজের সব সহায়-সম্বল হারিয়ে, ধৈর্যহারা হয়ে অবশেষে বাবা বাবুল হোসেন এলাকার জনগণের সহায়তায় সন্তানকে হাত-পা বেঁধে পুলিশের তুলে দিলেন।
ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পাড়া গাব্দেরগাঁ গ্রামের।
দিনমজুর মো. বাবুল হোসেন (৬৫) জানান, ছোট ছেলে হাছান (২৫) ১৭ আগস্ট মাদক কেনার টাকার জন্য মা আম্বিয়া বেগম ও তাকে মারধরের পর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। সন্তানের দীর্ঘদিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তিনি হাছানকে বেঁধে স্থানীয় ইউপি সদস্য মো. লিটন হোসেনের সহায়তায় পুলিশের হাতে তুলে দেন।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, মাদকাসক্ত হাসানের অত্যাচারে গ্রামবাসী ও তার বাবা-মাসহ আত্মীয় স্বজনরা অতিষ্ঠ। তাকে আমরা একাধিকবার পুলিশে ধরিয়ে দিলেও সে জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় মাদকের জগতে জড়িয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য লিটন বলেন, এই মাদকাসক্ত ছেলের আচরণে আমরা গ্রামবাসী অতিষ্ঠ। তাকে আগেও একাধিকবার পুলিশে দেয়া হয়েছিল। তার সাথে আরো মাদকসেবক ও বিক্রেতা আছে। আমাদের এলাকাসহ পুরো ফরিদগঞ্জে মাদকের অবস্থা খুবই ভয়াবহ।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, হাসানকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

