লক্ষ্মীপুরের কমলনগরে দোকানঘর থেকে রক্তাক্ত অবস্থায় মো. হারুন (৩০) নামে এক মোবাইল মেকানিককে উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হারুন উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের আব্দুল মান্নান চেরাং গো বাড়ির আবুল বাশারের ছেলে। তিনি জেলার তেওয়ারীগঞ্জ এলাকার মৌলভীর হাট বাজারে মোবাইল মেরামতের কাজ করতেন।
হারুনের ভাই মো. ফারুক হোসেন জানান, রোববার (৫ জুলাই) সকালে পাশের এক দোকানদার ফোন করে জানান, হারুন তাঁর দোকানের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
ফারুক হোসেন বলেন, হারুনের মাথায় একাধিক কোপের চিহ্ন রয়েছে। প্রায় দুই দিন পার হলেও তার জ্ঞান ফেরেনি এবং তিনি কথা বলতে পারছেন না। ঘটনার সময় কারা তাকে আঘাত করেছে, তা এখনো জানা যায়নি।
পরিবারের সদস্য নাজিম উদ্দিন সুজন বলেন, হারুনের মাথায় কাঠের রোয়ার আঘাতের চিহ্ন এবং গলায় দাগ রয়েছে। ঘটনার দিন রাতে তিনি বাড়িতে ফেরেননি, দোকানেই ছিলেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।
লক্ষ্মীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইব্রাহিম খলিল বলেন, ‘মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো তথ্য উদঘাটন হয়নি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

