‘আমার ফাঁসি চাই’ লিখে ফেসবুকে পোস্ট এমপির

জেলা প্রতিনিধি, কুমিল্লা

‘আমার ফাঁসি চাই’ লিখে ফেসবুকে পোস্ট এমপির

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার নিজের ফাঁসি চেয়ে দেওয়া ফেসবুক পোস্ট এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একটি সংবাদের সমালোচনা করে তিনি ওই পোস্টটি দেন।

রোববার দুপুরে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন, আমার ফাঁসি চাই: এই নিউজ মনোযোগ দিয়ে পড়েন। কোন শব্দের জন্য আমার ফাঁসি হওয়া উচিত বলে মনে করেন? কী ছিল এই বৈঠকের উদ্দেশ্য? এই বৈঠকে যা বলেছি, যে উদ্যোগ নিয়েছি সব বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

আমার নির্বাচনি এলাকাকে চাঁদাবাজমুক্ত করব। সঠিক গণমাধ্যমকর্মী চিহ্নিত করে তাদের প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করব, হলুদ সাংবাদিকতা বন্ধ করব।

অভিযোগ পাওয়া গেছে, ‎গত শুক্রবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন কুমিল্লা-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

তিনি বলেন, আমি আপনাদের সহযোগিতায় এমপি হইনি। গত ১৭ বছর আপনাদের কাউকে দেখিনি নাঙ্গলকোটকে নিয়ে নিউজ করতে। তাই ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই, সেভাবে চলতে হবে।

ওই সভায় তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী (পরে হাইকোর্টে বাতিল) আলহাজ আবদুল গফুর ভূঁইয়াকে উদ্দেশ করে বলেন, ভাইকে সালামও দিয়েছি। একহাতও দিয়েছি।

‎নাঙ্গলকোট প্রেস ক্লাব পুনর্গঠনের ব্যাপারে তিনি বলেন, আমরা সব গ্রুপকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে একটি সংগঠন করব। সাংবাদিকতা করতে হলে কী কী যোগ্যতা লাগে তা নিয়ে প্রেস ক্লাবের সদস্য করা হবে। যা আমার প্রতিনিধিদের মাধ্যমে করা হবে। সেখানে আপনাদের (সাংবাদিক) লোকও থাকবে। প্রয়োজনে আমরা গঠনতন্ত্র বানাব। এ সময় সাংবাদিকদের কেউ কেউ কথা বলতে চাইলে এমপি তাদের ধমক দিয়ে থামিয়ে দেন।

‎একপর্যায়ে তিনি নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লাকে উদ্দেশ করে বলেন, আপনি ফ্যাসিস্টের দোসর। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আপনি আওয়ামী লীগ করে বিএনপি করেছেন। বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়ার পারপাস সার্ভ করেছেন।

আপনি ফ্যাসিস্টের দোসর। স্টেট। আই সে ইউ। আপনি চ্যালেঞ্জ করছেন? আমার কাছে ডকুমেন্ট আছে। গত ১৭ বছর আওয়ামী লীগের কোনো লোকের সঙ্গে আপস করিনি। আজকে আপনার সঙ্গে কেন মিটিং করব? আমি মিটিং করতে অপারগ।

এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার এমন আচরণ ও কথাবার্তায় উপস্থিত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়। তবে নিজেদের ও এমপির মান-সম্মান রক্ষার্থে কথা বলা থেকে বিরত ছিলেন ।

এই বিষয়ে জানতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন