ফেনীতে দাঁড়িপাল্লার ব্যানার- ফেস্টুন ছিঁড়ে ফেলা ও ঈগল প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ২ ও ৮ নম্বর ওয়ার্ডে এবং সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে এসব ঘটনা ঘটে।
ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমান জানান, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিকের নির্বাচনি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং ভাঙচুর করা হয়েছে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে প্রতিহিংসামূলক রাজনীতির অপচেষ্টা চালাচ্ছে।
সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিমুল্লাহ বলেন, ‘ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার মতো দৈন্যতা আর কিছুই হতে পারে না। এ ধরনের ন্যক্কারজনক ও নিন্দনীয় কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি এবং শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে।’
উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ফখরুদ্দিন মানিক সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ জানান এবং সব রাজনৈতিক পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সুস্থ, সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অন্যদিকে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
এরপর থেকে ১১ দলীয় জোট নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে ফেনী-২ আসনের মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়টি উদ্বোধন করেন দলীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা। রাতের যে কোন সময়ে কার্যালয়ে রাখা চেয়ার টেবিল তছনছ করে দুর্বৃত্তরা। সকাল বেলা প্রার্থীর সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে অফিসের অবস্থা দেখে ক্ষুব্দ হয়ে ওঠে।
স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাকিম পাটোয়ারী জানান, বুধবারে অফিসটি উদ্বোধন শেষে রাতে আমরা যার যার মত বাসায় ফিরি। সকাল বেলা শুনতে পাই আমাদের অফিসটি তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। এটি নির্বাচন বানচালকারীদের ষড়যন্ত্রের একটা অংশ বলে আমি মনে করি।
স্থানীয় ঈগল প্রার্থীর কর্মী আতাউল করিম সজীব বলেন, মুজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীকের বিজয়ের সম্ভাবনা দেখে একটি পক্ষ ফেনী ২ আসনের বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রমে বাধা দিয়ে আসছে। নির্বাচনি অফিস ভাঙচুর একটি চরম অন্যায়। আমরা এর প্রতিবাদ জানাই এবং দোষীদের গ্রেপ্তার দাবি করছি।
ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক বলেন, আমাদের কার্যালয়ে ভাঙচুরের বিষয়ের টার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেব। এসব সন্ত্রাসী কার্যক্রম স্থানীয়জনতাকে সাথে নিয়ে রুখে দেওয়া হবে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ইজ্জতপুরে ঈগল প্রতীকের প্রার্থীর একটি নির্বাচনি কার্যালয় ভাঙচুর হওয়ার খবর শুনেছি। এ বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

