আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডুয়েটে আধুনিক আইসিটি ইনকিউবেটর স্থাপনে চুক্তি

আমার দেশ অনলাইন

ডুয়েটে আধুনিক আইসিটি ইনকিউবেটর স্থাপনে চুক্তি

দেশের প্রকৌশল শিক্ষাকে সরাসরি শিল্পখাতের (ইন্ডাস্ট্রি) সঙ্গে যুক্ত করতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) একটি আধুনিক আইসিটি ইনকিউবেটর গড়ে তোলা হবে। বিটোপিয়া গ্রুপের সহযোগিতায় স্থাপিত এই ইনকিউবেটরের মাধ্যমে প্রকৌশল শিক্ষার্থীদের জন্য দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনভিত্তিক স্টার্টআপ তৈরির পরিবেশ তৈরি হবে।

বৃহস্পতিবার ডুয়েটের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় ও বিটোপিয়া গ্রুপের (আইসিটি লিমিটেড) মধ্যে এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞাপন

ডুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং বিটোপিয়া গ্রুপের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনির হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ডুয়েট ক্যাম্পাসে এই আইসিটি ইনকিউবেটরটি শিক্ষার্থীদের জন্য একটি ‘নার্সারি’ হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের গবেষণার আইডিয়া, থিসিস বা উদ্ভাবনী প্রকল্পগুলোকে বাস্তবে রূপ দিতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেবে বিটোপিয়া গ্রুপ। এ ছাড়া ভবিষ্যতে সেমিকন্ডাক্টর ট্রেনিং ও গবেষণার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

উপাচার্য ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোক্তা তৈরির বিষয়টি দীর্ঘদিন যথাযথ গুরুত্ব পায়নি। এখন শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রত্যাশী নয়, উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এই চুক্তির মাধ্যমে ডুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে একটি টেকসই প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলো।’

বিটোপিয়া গ্রুপের সিইও মো. মনির হোসেন জানান, আইসিটি ইনকিউবেটরের একটি নির্দিষ্ট তলা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে, যেখানে তারা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা পাবেন। আইসিটির পাশাপাশি সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খাতেও এই শিল্প-একাডেমিয়া সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিডিকলিং এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ডুয়েটের শিক্ষার্থীরা যেন তৃতীয় বর্ষ থেকেই ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার পায় এবং পড়াশোনা শেষ করেই কর্মজীবনে প্রবেশ করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই ইনকিউবেটরের মূল লক্ষ্য লভ্যাংশ নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্যোক্তা মানসিকতা তৈরি করা। এই মডেলটি সফল হলে দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য তা একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...