৫ ফেব্রুয়ারি, ২০২৬ দেশব্যাপী ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদ্যাপিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’।
দেশের সকল সরকারি ও বেসরকারি গ্রন্থাগারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা, জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি এবং মননশীল সমাজ গঠনে লাইব্রেরির ভূমিকাকে আরও দৃঢ় করাই দিবসটির লক্ষ্য। গ্রন্থাগারকে ‘জনগণের বিশ্ববিদ্যালয়’ হিসেবে প্রতিষ্ঠিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০০ টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে। পরে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘গ্রন্থাগার ও জ্ঞানচর্চা: একুশ শতকের প্রেক্ষাপট’ বিষয়ে এবং গ্রন্থাগার দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।
মূল আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান। এছাড়া গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মনীষ চাকমাসহ অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা সরকারি গণগ্রন্থাগারসমূহেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসন, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (LAB), বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (BALID), বেসরকারি গণগ্রন্থাগার সমিতি, বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি পেশাজীবী, ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে দিবসটি পালন করবে।
ঢাকার বাইরে দেশের সকল জেলায় স্থানীয় জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন নিজ নিজ কর্মসূচি অনুযায়ী দিবসটি উদ্যাপন করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

