ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ও পেমেন্ট প্রক্রিয়া সহজ, দ্রুত ও নিরাপদ করতে রূপালী ব্যাংক পিএলসি-এর সঙ্গে চুক্তি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই রূপালী ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘রূপালীক্যাশ’-এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয়। অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসি-এর চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সাবিনা শারমীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

গত ৩১ অক্টোবর (শনিবার) ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ অবস্থায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ও পেমেন্ট সুবিধা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে রূপালী ব্যাংক পিএলসি-এর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ কাজ করে যাচ্ছে।

চুক্তি প্রসঙ্গে রূপালী ব্যাংক পিএলসি-এর চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার বলেন, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে রূপালীক্যাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন। এ ছাড়া এর ফলে ডিজিটাল লেনদেনের পরিধি সম্প্রসারিত হবে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে।

এ সেবা চালুর ফলে রূপালীক্যাশের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফি পরিশোধ করা সহজ হবে। এ জন্য শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করে পেমেন্টের মাধ্যম হিসেবে রূপালীক্যাশ নির্বাচন করে ফি পরিশোধ করতে পারবেন।

উল্লেখ্য, ইতোমধ্যে রূপালীক্যাশের মাধ্যমে গ্রাহকরা শিক্ষা ফি, ই-কমার্স কেনাকাটার মূল্য, বিভিন্ন পরিষেবার বিলসহ নানা ধরনের পেমেন্ট পরিশোধ করতে পারছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (আইটি) মুহাম্মদ আরিফুজ্জামান সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ শেখ গিয়াসুদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ আলী নূর ও পরিচালক (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) প্রফেসর মোস্তাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...