আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

রংপুরের পীরগাছায় রাজনীতির মাঠে চমক সৃষ্টি করে বিএনপি ও জাতীয় পার্টির অন্তত ৫০ থেকে ৫৫ জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সেচাকান্দি এতিমখানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির নির্বাচনি উঠান বৈঠকে এই যোগদান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের (কাউনিয়া-পীরগাছা) শাপলা কলির প্রার্থী আখতার হোসেন।

বিজ্ঞাপন

এ সময় বিএনপি ও জাতীয় পার্টি থেকে আগত নেতাকর্মীদের মধ্যে পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য আবু রায়হান, আব্দুল গফুর, ইমান আলী, ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান এবং জাতীয় পার্টির নেতা বাদশা মিয়া, মিনহাজুল ইসলাম, রোস্তম খান ডিপজল, আব্দুল খালেক, ময়নুল ইসলামসহ অনেকে এনসিপিতে যোগ দেন।

এছাড়াও সোহেল রানা, আশরাফ আলী, আব্দুর রশিদ, হাসান মিয়া, হাবিজার রহমান, আফতাব হোসেন, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তারসহ মোট ৫০–৫৫ জন নেতাকর্মী ও সমর্থক দলটির শাপলা কলি প্রতীকের ব্যানার হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীরা বলেন, বিএনপি ও জাতীয় পার্টিতে দেশপ্রেম, গণতন্ত্র ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন না থাকায় তারা নতুন রাজনৈতিক ধারার দিকে ঝুঁকেছেন। তাদের মতে, দেশের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আনতে সৎ, সাহসী ও জনবান্ধব রাজনীতির বিকল্প নেই, আর এনসিপি সেই বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

তারা আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে গড়ে ওঠা এনসিপির লক্ষ্য একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া। পুরোনো রাজনৈতিক দলগুলো জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষ নতুন নেতৃত্ব ও নতুন রাজনীতির দিকে তাকিয়ে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আখতার হোসেনকে নির্বাচিত করে সংসদে পাঠাতে তারা মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, এই যোগদান প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তনের পথে হাঁটতে শুরু করেছে। আগামী দিনে আরও বহু নেতাকর্মী এনসিপিতে যোগ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলসহ ঐক্যবদ্ধ বাংলাদেশ-১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...