দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
ছবি: সংগৃহীত।

গাজীপুরের কালিয়াকৈরে দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় একটি সাদা প্রাইভেটকারে এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখা থেকে তার বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাবের বিপরীতে ৫ লাখ টাকা উত্তোলন করেন তৌহিদুর রশিদ। পরে টাকা নিয়ে একটি অটোরিকশায় করে হিজলতলী এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন তিনি।

পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের এক্স-করোলা প্রাইভেটকার এসে অটোরিকশাটির গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে আসা ছিনতাইকারীরা জোরপূর্বক তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন তৌহিদুর রশিদ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন