সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান

সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একজন শ্রমিকের মৃত্যু হলে শুধু একটি কর্মক্ষম প্রাণ ঝরে যায় না, বিপর্যয়ের মুখে পড়ে পুরো পরিবার। শ্রমিকদের এমন দুর্দিনে পাশে দাঁড়ানো সরকার, শ্রমিক সংগঠন ও সমাজের সামর্থ্যবান মানুষের দায়িত্ব।

বিজ্ঞাপন

রোববার বিকেলে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে মারা যাওয়া ২০ শ্রমিকের পরিবারের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২০ পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। প্রিয়জন হারিয়ে আর্থিক অনিশ্চয়তায় পড়া পরিবারগুলোর জন্য এ সহায়তা ছিল দুর্দিনে পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ।

সিসিক প্রশাসক বলেন, একজন কর্মক্ষম মানুষ পরিবার থেকে চলে গেলে তার উপর নির্ভরশীল সদস্যরাও সংকটে পড়েন। পরিবহন খাতের ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশে দুর্ঘটনার কারণে অনেক শ্রমিকের প্রাণহানি ঘটে। কখনো একজন দক্ষ চালকও অন্য চালকের অসতর্কতা বা অদক্ষতার কারণে দুর্ঘটনার শিকার হন। এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশেও দাঁড়ানো অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বিএনপি সরকার শ্রমিকবান্ধব এবং শ্রমিকদের কল্যাণে সরকার সর্বদা পাশে রয়েছে। সিলেট সিটি করপোরেশনও পরিবহন শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকবে। শ্রমিকদের কল্যাণে সংগঠনগুলোর এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে গোয়ালাবাজার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, কদমতলী মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, সিলেট-ঢাকা বাস রুট, সিলেট-সুনামগঞ্জ সড়ক এবং সিলেট-তামাবিল সড়কের মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের হাতে কল্যাণ তহবিলের অনুদান তুলে দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন