লক্ষ্মীপুরের রামগঞ্জে গরু চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগে এক বিএনপি নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতার নাম মো. তাজুল ইসলাম। তিনি রামগঞ্জ উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
১০ নম্বর ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট ও গুরুতর অভিযোগে মো. তাজুল ইসলামকে প্রাথমিক পদসহ দলের সব দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে তাজুল ইসলাম ও তার সহযোগীরা নলচারা গ্রামের হতদরিদ্র ফাতেমা আক্তারের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করেন। পরবর্তীতে চোরচক্রের সদস্যরা একটি গরু বিক্রি করে দেন এবং অপর গরুটি পার্শ্ববর্তী ভোলাকোট ইউনিয়নের টিওরী (৩ নম্বর) ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘরে লুকিয়ে রাখেন।
এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ চুরি হওয়া দুটি গরুই উদ্ধার করতে সক্ষম হয়েছে।
রামগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ও অধিকতর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

