চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে ব্রাশফায়ারে দুই জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা ছাত্রদলকর্মী বলে এলাকায় পরিচিত। বাকলিয়া এলাকার একটি সরকারি জমি দখল করাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত দুজনের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (৩২) ও মোহাম্মদ মানিক (৩০)। নিহতরা চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ভোর সাড়ে ৩টার দিকে বাকলিয়া এক্সেস রোডের গোলজার স্কুলের সামনে এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন হৃদয় জানান, গাড়িতে তারা ছয়জন ছিলেন, সেহেরিতে নতুনব্রিজ এলাকায় গিয়েছিলেন বিরানী খেতে। ফেরার সময় কয়েকটি মোটরসাইকেল তাদের পিছু নেই। নতুন ব্রিজ এলাকা থেকেই চলন্ত গাড়িতে গুলি করতে করতে বাকুলিয়া পর্যন্ত আসে দুর্বৃত্তরা। এরপর গুলজার স্কুলের সামনে এসে ব্রাশফায়ার করে।
কিন্তু পুলিশের একটি সূত্র জানায়, বাকুলিয়া এলাকায় সরকারি একটি খাস জমি দখল করাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। জমিটি আওয়ামী লীগ আমলে পটিয়ার এমপি শামসুল ইসলামের দখলে ছিল। ৫ আগস্টের পর জমিটি দখল নিতে মরিয়া হয়ে ওঠে বিএনপির একাধিক গ্রুপ। এক পর্যায়ে নিয়ে ছাত্রদল নেতা পরিচয়দানকারী মোহাম্মদ নোমান ও জনির মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকালেও কথিত দুই নেতার মধ্যে মোবাইল ফোনে বাক বিতণ্ডা হয়। রাত তিনটার দিকে নোমানের অনুসারীদের মধ্যে ৬ জন একটি প্রাইভেটকারে করে বাকুলিয়ার ওই জমির ওপর যায়। এ সময় জনির লোকজন তাদের ধাওয়া করে। নোমানের অনুসারীরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে আসার চেষ্টা করলে চারটি মোটরসাইকেলে করে এসে চলন্ত প্রাইভেটকারে ব্রাশফায়ার করে জনির ক্যাডাররা। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ মানিক নামের দুই জন নিহত হয়। আহত হন আরো দুই জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।’
তবে পুলিশ এখনো হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পারেনি, তারা সম্ভাব্য উদ্দেশ্য ও আসল অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

