কক্সবাজারের রামু উপজেলার ঐতিহাসিক রামকুট তীর্থধামে শুরু হয়েছে ছয় দিনব্যাপী শিবদর্শন ও মহারাম নবমী মেলা। বিগত বছরের ধারাবাহিকতায় সোমবার (২৩ মার্চ) রাত ৮টায় তীর্থধাম প্রাঙ্গণে শ্রীশ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।
২৮ মার্চ অনুষ্ঠানের সমাপ্তি হবে। আয়োজনের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বাসন্তী দেবীর পূজা, ধর্মসভা, চব্বিশ প্রহরব্যাপী তারকাব্রহ্ম মহানামযজ্ঞ, শ্রীশ্রী রাম নবমীব্রত, শিবদর্শন ও মহারাম নবমীমেলা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-পৌরসভা-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, যারা সম্প্রীতির বিপক্ষে কাজ করবে, আমরা তাদের কখনো ক্ষমা করব না। যেকোনো মূল্যে আমাদের সম্প্রীতি ধরে রাখতে হবে।
তিনি বলেন, ধর্ম নিয়ে কোনো প্রকার বিতর্ক করা যাবে না। প্রত্যেক ধর্মে শান্তির কথা বলা হয়েছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা সম্প্রীতি বিনষ্টকারীকে ছাড় দেওয়া হবে না। সব ধরনের অনিয়ম দূর করতে সবাই ঐক্যবদ্ধ থাকলেই ধর্ম ও সমাজের উন্নতি হবে। ত্যাগের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মেলার উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কুশল বরন চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ডা. পরিমল শীল। চট্টগ্রাম কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, ধর্মীয় বক্তা ছিলেন উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক অজিত দাশ, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রাংকোট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন থের।
মেলা উদ্যাপন পরিষদের সভাপতি বিজয় ধরের সভাপতিত্বে সুশান্ত পাল বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল বশর বাবু, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, বিএনপি নেতা বাবু অপূর্ব পাল, যুবনেতা দোলন ধর, রাজিব পাল, বাবু ধর প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

