উচ্ছেদ অভিযানে হামলা, কৃষক দল নেতাসহ আটক ৫

উচ্ছেদ অভিযানে হামলা, কৃষক দল নেতাসহ আটক ৫

ফেনী সোনাগাজীতে উচ্ছেদ অভিযান চলাকালে হামলা চালিয়েছে জেলা কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ও তার সহযোগীরা।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পৌরসভার বাখরিয়ায় ওই কৃষক দল নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ কৃষক দল নেতাসহ পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী।

বিজ্ঞাপন

জানা গেছে, ঘটনার দিনদুপুরের দিকে সোনাগাজী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাখরিয়ায় ড্রেন নির্মাণের জন্য উচ্ছেদ অভিযান শুরু করেন পৌর প্রশাসক নাজিয়া হোসেন। এর অংশ হিসেবে কৃষক দল নেতা মাইন উদ্দিনের বাড়ির সীমানা প্রাচীর ভাঙার সময় হামলা চালানো হয়। এতে আহতরা হলেন একই এলাকার আবদুল আজিজ দুলাল, নোমান হোসেন, আবিদুর রহমান ও লিটন।

খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেন যৌথবাহিনীর সদস্যরা। আটকরা হলেন কৃষক দল নেতা মাইন উদ্দিন, তার ছেলে নিহাল আহমেদ অমি, সহযোগী আবদুস শুক্কুর, সোহেল কামাল ও শাহাদাত হোসেন মিশন।

স্থানীয় মিজানুর রহমান বলেন, বাধার কারণে দেড় বছর ধরে ড্রেন ও সড়ক নির্মাণকাজ আটকে আছে। গ্রামবাসীসহ ইউএনও ঘটনাস্থলে গেলে মরিচের গুঁড়া মিশ্রিত পানি নিক্ষেপ করে এবং তাদের ওপর হামলা চালায়।

তবে মাইন উদ্দিনের পরিবারের দাবি, ড্রেন নির্মাণের বিরুদ্ধে ২৩ জুলাই তারা আদালতে ১৪৫ ধারায় মামলা করেছেন। সেটা উপেক্ষা করে গ্রামের লোকদের নিয়ে উচ্ছেদ কার্যক্রম চালায় প্রশাসন ও যৌথবাহিনী।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, মাইন উদ্দিন বর্তমানে দলের কোনো পদে নেই। তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন, সেটা দেশের প্রচলিত আইনে বিচার হবে।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন বলেন, ড্রেনের কাজ চলাকালে মাঈন উদ্দিনের পরিবারের সঙ্গে তার প্রতিপক্ষের সংঘর্ষ হয় । এতে চারজন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি শান্ত করতে ৫জনকে চাপাতি, দামা ও ছুরিসহ আটক করা হয়েছিল। রাতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোনাগাজী পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন আমার দেশ-কে বলেন, মাঈন উদ্দিন এখন বিএনপি করেন। এখানে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। নতুন কমিটি হলে হয়তো তিনি পদ পাবেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন সাংবাদিকদের বলেন, ড্রেন নির্মাণে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে যৌথবাহিনীর সহযোগীতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন