চট্টগ্রামের পুলিশকে সতর্ক থাকার আহ্বান সন্ত্রাসী রায়হানের

চট্টগ্রামের পুলিশকে সতর্ক থাকার আহ্বান সন্ত্রাসী রায়হানের
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী রায়হান আলম

চট্টগ্রামের রাউজানে রাতে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেছেন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত রায়হান আলম। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তার দাবি, তাকে ফাঁসাতে একটি প্রতিপক্ষ গোষ্ঠী এ ধরনের ছক কষছে এবং তার নাম ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ‘সতর্ক বার্তা’ শিরোনামে দেওয়া ওই পোস্টে রায়হান সরাসরি এসপি মাসুদ আলম, রাউজান থানার ওসি সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে নানা বক্তব্য তুলে ধরেন।

বিষয়টি নিয়ে এসপি মাসুদ আলমের কোনো মন্তব্য পাওয়া না গেলেও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, বিষয়টি পুলিশ প্রশাসন গভীরভাবে খতিয়ে দেখছে।

ফেসবুক পোস্টে রায়হান লেখেন, তিনি এক ‘বিশেষ মাধ্যমে’ জানতে পেরেছেন যে তাকে আইনি ও সামাজিকভাবে ফাঁদে ফেলতে তার ‘অ্যান্টি গ্রুপগুলো’ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তার দাবি, ওই প্রতিপক্ষ গোষ্ঠী এবার রাতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের মধ্য থেকে অন্তত দুজনকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

হত্যার সম্ভাব্য স্থান হিসেবে নোয়াপাড়া বাগিচা অথবা পূর্ব রাউজান এলাকার কথা উল্লেখ করে পোস্টে রায়হান দাবি করেন, এগুলো কোনো ‘বানোয়াট কথা’ নয়। তবে এই চাঞ্চল্যকর দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য, নথি বা প্রমাণ তিনি পোস্টে উপস্থাপন করতে পারেননি।

রায়হান আরও অভিযোগ করেন, ‘আজিজ গ্রুপ’ ও ‘ডাকাত গ্রুপ’ একজোট হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তার নাম ভাঙিয়ে এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। এমনকি তার ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তিকে নিয়মিত ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তবে এসব অভিযোগের সপক্ষেও কোনো ফোন নম্বর, স্ক্রিনশট বা কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি।

পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান আলমের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে আটটি সরাসরি হত্যা মামলাতেই তার নাম রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন