আমার দেশ-এ সংবাদ প্রকাশের জেরে কক্সবাজারের উখিয়ায় অপহরণের প্রায় এক মাস পর দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১)।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উখিয়া থানাধীন থাইংখালী এলাকার নিজ বাড়ি থেকে শাহআলমের দুই ছেলে শফিকুল ও শহিদুল অপহৃত হয়। এরপর থেকেই তাদের উদ্ধারে পুলিশ অভিযান ও অনুসন্ধান চালিয়ে আসছিল।
দীর্ঘ প্রায় এক মাসের প্রচেষ্টার পর ১১ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে কোনো মুক্তিপণ ছাড়াই দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
দুই সন্তানকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরেছে। পুলিশ জানিয়েছে, অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে দুই শিশুকে বাবার বুকে ফিরিয়ে দিতে পারায় উখিয়া থানা ও কক্সবাজার জেলা পুলিশ সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি উদ্ধারে বিভিন্নভাবে সহযোগিতা করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজাদ বলেন, অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, অপহৃত দুই শিক্ষার্থীকে কোনো মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

