টেকনাফে শিশু অপহরণ, মুক্তিপণ দিয়ে রেহাই


টেকনাফে শিশু অপহরণ, মুক্তিপণ দিয়ে রেহাই
মো. সাদেক। ছবি: আমার দেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কান্জরপাড়া এলাকা থেকে মো. সাদেক (১২) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট (সোমবার) দুপুর আনুমানিক ১টার দিকে কান্জরপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় শিশু সাদেক। সে কান্জরপাড়ার বাসিন্দা আব্দুস সত্তারের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাদেককে অপহরণের পর অপহরণকারীরা পরিবারের কাছে প্রথমে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয় পরিবার। পরিবারের দাবি, মুক্তিপণের টাকা একটি (০১৮৬৮-০৫৫০২২) বিকাশ নম্বরে পাঠানো হয়।

ভুক্তভোগীর বড় ভাই ইরফান উদ্দিন জানান, গত ৩ আগস্ট দুপুর আনুমানিক ১টায় তার ১২ বছর বয়সি ছোট ভাই মো. সাদেক নিখোঁজ হয়। পরে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে যোগাযোগ করে ইমো নম্বর সেভ করতে বলে। পরবর্তীতে তারা ইমোতে অডিও রেকর্ড পাঠায়। তাকে অপহরণ করা হয়েছে বলে জানায় এবং মুক্তিপণ হিসেবে প্রথমে ১ লাখ ৪০ হাজার টাকা দাবি করে।

দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে পরিবারের সদস্যরা বাধ্য হয়ে ৫০ হাজার টাকার একটি বিকাশ নম্বরে পাঠান। টাকা পাঠানোর কিছুক্ষণ পর অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দেয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপহরণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি টেকনাফে অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, শিশুর অপহরণের বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন