ফেনীর পরশুরামে নির্মাণ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

ফেনীর পরশুরামে নির্মাণ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

ফেনীর পরশুরামে মুহুরী নদীর তীরে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ । আজ বৃহস্পতিবার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন পরশুরামবাসী ।

জানা গেছে, প্রতি বছর ভারতীয় উজানের পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে ফেনীবাসীকে রক্ষা করতে এবার স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

আজ সফরে এসে ফেনী জেলাধীন পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় প্রায় ৮৩.৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, নদীতীর প্রতিরক্ষা এবং সেচ অবকাঠামো সংস্কার করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতীরবর্তী এলাকার বন্যা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি কমবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী পরশুরামের মুহুরী নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধনের পর ফুলগাজীতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, সোলার প্যানেল স্থাপন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিসহ বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফেনী-পরশুরাম প্রধান সড়কের বিভিন্ন স্থানে মেরামত ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

পরশুরাম বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন বলেন, নদীভাঙনের কারণে প্রতিবছর ফসলি জমি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা বিলীন হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণ হলে নদীভাঙন থেকে হাজারো মানুষ রক্ষা পাবেন এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পটি ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় বাঁধ পুনর্বাসন, নদীর তীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে। স্থায়ী বাঁধ নির্মাণ হলে বন্যা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি কমার পাশাপাশি এলাকার কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান পরশুরাম ও ফুলগাজী সফরে আসবেন। তার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন