পাহাড়তলী থানার রাসমনি ঘাটে আওয়ামী লীগ নেতার ভাইয়ের নেতৃত্বে এক বোট কর্মচারীকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত ওই কর্মচারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
আহত বোট কর্মচারী হলেন সোহান উদ্দিন ফারুক (৩২)। তিনি ওই এলাকার মৃত মহিউদ্দিন রিটনের ছেলে। তিনি দি রিভার মেরিন সার্ভিস নামে কোম্পানির কাজ করতেন। ওই কোম্পানির মালামাল আনা নেয়ার জন্য দুটি বোটের রুট পারমিত রয়েছে।
যার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে তিনি আওয়ামী লীগ নেতা হাবিব মিয়ার ভাই মাহবুব মিয়া। তাদের দুজনের বাড়ি গোপালগঞ্জে। পতিত স্বৈরচার শেখ হাসিনার আমলে প্রভাব খাটিয়ে রাসমনি ঘাটের ইজারা নেন বলে অভিযোগ রয়েছে।
কোপানোর অভিযোগ অস্বীকার করেছেন মাহবুব মিয়া। দি রিভার মেরিন সার্ভিসের ম্যানেজার মো. আশরাফ আমার দেশকে জানান, রাসমনি ঘাটের ইজারাদার মাহবুব মিয়া। তার ভাই হাবিব মিয়া। তাদের বাড়ি গোপালগঞ্জ। হাবিব মিয়া আওয়ামী লীগের নেতা। এখনো তিনি পতিত ফ্যাসিস্ট সরকারের পক্ষে বিভিন্ন পোস্ট দিচ্ছেন ও বর্তমান সরকারের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন। এই সংক্রান্ত ছবি, ভিডিও আমার দেশ এর হাতে রয়েছে।
হাবিব মিয়ার ও গোপালগঞ্জের ক্ষমতা দেখিয়ে অবৈধ মালামাল পরিবহণ করেছ। গত কয়েক দিন আগে দি রিভার মেরিন সার্ভিস কোম্পানি বিআইডব্লিউটিএ থেকে ২টি বোটের রুট পারমিত নেয়। এই দুটি বোট দিয়ে সন্দ্বীপে বিভিন্ন মালামাল পরিবহণ করা হচ্ছে। এতে ঘাট ইজারাদারের অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যায়।
মো. আশরাফ বলেন, কিছুদিন আগে মাহবুব মিয়া ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেটি না দেওয়ায় আমার বোটের কর্মচারীকে কুপিয়ে জখম করে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
অভিযুক্ত মাহবুব মিয়া বলেন, আমার নেতৃত্বে কোনো হামলার ঘটনা ঘটেনি। এই বিষয়ে আমি কিছু জানি না।
পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ বলেন, কোপানোর ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

