চুরির অভিযোগে শান্ত মজুমদার (১৭) নামে এক কিশোরকে হাত-পা বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের ঘটনার একটি ভিডিও শনিবার ফেসবুকে ভাইরাল হয়েছে। আহত ওই কিশোরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দিঘলদি গ্রামে।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় দিঘলদি গ্রামের রাকিব হোসেন ও কাইয়ুম নামের দুই কিশোরকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগে কেওড়াডুগি এলাকায় ওই কিশোরকে আটক করা হয়। পরে তার ভাই অন্তর মজুমদারসহ স্থানীয় কয়েকজন বখাটে যুবক তার হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধর করেন।
স্থানীয় কেওড়াডুগি গ্রামের কয়েকজন বাসিন্দার দাবি, প্রায় এক মাস আগে হায়দরগঞ্জ বাজারের পাশের কেওড়াডুগি গ্রামে চুরি হয়। ওই চুরির সঙ্গে কিশোর শান্ত মজুমদার জড়িত—এমন সন্দেহে এলাকার লোকজন তাকে আটক করেন।
এ ঘটনার ১ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, হাত বাঁধা অবস্থায় এক কিশোরকে মারধর করছেন কয়েকজন।
মারধরের শিকার কিশোর মুঠোফোনে বলে, ‘আমি চুরির সঙ্গে জড়িত নই। বিনা অপরাধে আমার ওপর চুরির দায় চাপানো হচ্ছে। কোনো কারণ ছাড়াই শুধু সন্দেহ করে আমাকে বেঁধে মারধর করা হয়েছে। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে আমাকে চোর বানানো হয়েছে এবং সমাজে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, ‘হাত বেঁধে মারধরের ভিডিওটি আমার নজরে এসেছে। গত কয়েক দিন ধরে এলাকায় চুরি হওয়ায় তার ভাইসহ স্থানীয় কয়েকজন যুবক শান্ত মজুমদারকে আটক করে মারধর করে। এ ঘটনায় দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

