আদালত এজলাসে নারী বিচারপ্রার্থীর আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি, ফেনী

আদালত এজলাসে নারী বিচারপ্রার্থীর আত্মহত্যার চেষ্টা

ফেনীতে আদালত চলাকালে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ফুলগাজী আমলী আদালতে এ ঘটনা ঘটে। এনিয়ে আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই নারীর স্বজনরা জানায়, মোহনা দীর্ঘদিন ধরে ফেনী শহরের রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন তিনি। সমঝোতার শর্তে গত সপ্তাহে জামিন নেয় তার স্বামী আকবর। রোববার মামলাটির ধার্য তারিখ ছিল।

শুনানি চলাকালে মোহনা আদালতকে জানান,আকবরের স্ত্রী ও পূর্বের ৪ সন্তান থাকার পরও ভালোবেসে তাকে বিয়ে করে সে প্রতারিত হয়েছে।

এই ক্ষোভে এজলাসে দাঁড়ানো অবস্থায় বিচারকের সামনেই নিজের কাছে থাকা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়।

এসময় বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। সমোঝোতা না হওয়ায় আকবর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিয়ে মোহনার আইনজীবী শরফুদ্দিন আহাম্মদ ডালিমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রোকন উদ্দৌলা জানান, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে আনা ওই রোগীর পাকস্থলী ওয়াশ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আদালতের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শুনানির সময় বাদী ও বিবাদী উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তিনি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...