লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ মুরাদ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ মুরাদ

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের প্রথম উপচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত প্রজ্ঞাপন বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. হানিফকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শর্তানুসারে নোবিপ্রবির ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উপাচার্যের জন্য কয়েকটি শর্ত দেওয়া হয়। তা হল- উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের দিন থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের দিনে মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন, বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা শিক্ষক ও প্রতিষ্ঠাতা রিজেন্ট বোর্ড সদস্য। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রক্টর, প্রভোস্ট, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডিন এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. হানিফ মুরাদ বলেন, নোবিপ্রবিতে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দায়িত্ব পালন করে আসছি। আজকে বিশ্ববিদ্যালয়টি একটি পর্যায়ে এসে পৌঁছেছে। নোবিপ্রবিকে এই পর্যায়ে যেভাবে নিয়ে এসেছি, সেভাবে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও একটি উন্নত ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন