আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লায় মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী

কৃষিখাত উন্নত হলে অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় হবে

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কৃষিখাত উন্নত হলে অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় হবে

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ বলেছেন, এ দেশে ৭০ ভাগ মানুষ কৃষিনির্ভর। কৃষি খাত উন্নত হলে এ দেশের অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় হবে। বর্তমান সরকার কৃষি-বান্ধব সরকার। সরকার জনগণকে কথা দিয়েছে। জনগণ বিশ্বাস করে সরকার দেশের কল্যাণে কাজ করবে।

শুক্রবার সকালে কুমিল্লা সার্কিট হাউসে কৃষি, খাদ্য ও মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বেশিরভাগ প্রতিশ্রুতি কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ছিল দাবি করে নবনিযুক্ত কৃষিমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে কৃষকরা। সরকার বিশ্বাস করে ৭০ ভাগ লোক যে পেশায় আছে সে পেশাকে উন্নতি করা দরকার। ৭০ ভাগ লোক ভালো থাকলে সরকার ভালো থাকবে।

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমিন-উর-রশিদ বলেন, আমি যে খাতকে পছন্দ করি; সে খাতেই আমাকে মন্ত্রী করা হয়েছে। আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা, এ সরকারের প্রয়োজন আপনাদের সহযোগিতা। সমস্যা সমাধানে সরকার সবসময় বদ্ধপরিকর।

দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য এবং প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে এ খাতকে আরো এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান নতুন সরকারের তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী।

মতবিনিময় সভায় বক্তারা কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে তা সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক রেজা হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী, কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন