পুশইন ঠেকাতে বেনাপোলে বিজিবির টহল জোরদার

বেনাপোল প্রতিনিধি

পুশইন ঠেকাতে বেনাপোলে বিজিবির টহল জোরদার

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে যশোরের বেনাপোল সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে সীমান্তবর্তী বিভিন্ন বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকায় কয়েকদিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১০ থেকে ১২ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি বলে জানা গেছে।

সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ভারতের পক্ষ থেকে যেকোনো সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পুশ-ইনের চেষ্টা হতে পারে বলে আমরা ধারণা করছি। এ কারণে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ বিজিবিকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, যা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্য তিনি স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে, সাদিপুর সীমান্তের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বুধবার ভোররাত থেকে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তির উপস্থিতি শনাক্ত করা যায়নি।

বিজিবি সূত্র জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।

সার্বিকভাবে বেনাপোল সীমান্তে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন