সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে যান চলাচল

সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে যান চলাচল
ছবি: সংগৃহীত

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে এক দিন অবরোধ পালনের পর কর্মসূচি প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।

বিজ্ঞাপন

রোববার বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় আলোচনার পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠন দুটি। পাশাপাশি সোমবার ও মঙ্গলবার কোনো অবরোধ কর্মসূচি থাকবে না বলেও জানিয়েছে তারা। এতে সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে এক যৌথ বিবৃতিতে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি। সাজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস—সন্তু গ্রুপ) সদস্যদের অবস্থানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অস্থিরতা তৈরির অভিযোগ তুলে তারা এ কর্মসূচি ঘোষণা করে।

এরও আগে গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে দাবি পূরণের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল সংগঠন দুটি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা অবরোধের ডাক দেয়।

অবরোধের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে সাজেকে বেড়াতে আসা ১ হাজার ২৪৪ জন পর্যটক ভোগান্তিতে পড়েন। পরে তাঁদের নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে নিয়ে যায় সেনাবাহিনী।

বাঘাইহাট সেনা জোনের দায়িত্বশীল কর্মকর্তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই অনুযায়ী, আটকে পড়া পর্যটকদের সাজেক থেকে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বলে বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে।

জোন সূত্র আরও জানায়, পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘অবরোধ থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। সাজেক ভ্রমণে কোনো বাধা নেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন