লামায় ১০ একর পাহাড় কেটে ইটভাটা নির্মাণের প্রস্তুতি

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামায় ১০ একর পাহাড় কেটে ইটভাটা নির্মাণের প্রস্তুতি

বান্দরবান জেলার লামা উপজেলায় নতুন ইটভাটার জন্য পাহাড় কেটে সমতল করা হয়েছে ১০ একর জায়গা। এ অভিযোগ উঠেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় লোকমান হোসেনের নামে। তিনি সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

রোববার পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মো. ওসমান গনি।

অভিযোগে বলা হয়েছে, লোকমান হোসেন বেআইনিভাবে পাহাড় কেটে সেখানে ইটভাটা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। পাহাড় কাটার ফলে প্রাকৃতিক বন, ঝিরি, জলধারা ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিযোগকারী ওসমান গনি জানান, জমিটি যৌথভাবে কেনা হলেও পরবর্তীতে প্রতারণার মাধ্যমে পাহাড় কেটে ফেলা হচ্ছে। ইতোমধ্যে বড় অংশ সমতল করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, একটি পাহাড়ি ঝিরি ভরাট করা হয়।

স্থানীয়দের আশঙ্কা, অবাধে পাহাড় কাটার কারণে এলাকায় ভূমিধস, পানির সংকট ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়তে পারে। দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন লোকমান হোসেন। তিনি বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে মিথ্যা অভিযোগ করা হয়েছে। প্রশাসন তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. নুর উদ্দিন বলেন, কেউ পাহাড় কাটলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন