কক্সবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণের মূল হোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণের মূল হোতা গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলা এলাকায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের মূল হোতা ও মামলার প্রধান আসামি নূরুল ইসলাম নাহিদকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব। ​শুক্রবার রাত ৯টার দিকে রাজারকুল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।​​

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রমতে, প্রবাসী নূরুল ইসলাম নাহিদের সঙ্গে ভুক্তভোগী ওই তরুণীর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে উভয়ের বিয়ের বিষয়ে পারিবারিক সম্মতিও তৈরি হয়। পরবর্তীতে নুরুল ইসলাম বিয়ের মিথ্যা প্রলোভন ও নানা আশ্বাসের সুযোগ নিয়ে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। ​সর্বশেষ গত ২৭ এপ্রিল কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে ভুক্তভোগীকে পুনরায় প্রতারণামূলকভাবে ধর্ষণ করা হয়। পরে আসামি ভুক্তভোগীকে কোনো প্রকার সামাজিক স্বীকৃতি না দিয়ে কৌশলে বিদেশে চলে যায়।

এজাহার মতে, সম্প্রতি আসামি নুরুল ইসলাম নাহিদ দেশে ফিরে এলেও বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং বিভিন্ন টালবাহানা করতে থাকে।

এই অপরাধের প্রতিকার চেয়ে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে রামু থানায় একটি মামলা করেন।​​

র‍্যাব দাবি করছে, মামলা রুজু হওয়ার পর থেকেই র‍্যাব-১৫-এর একটি আভিযানিক দল আসামিকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায়। তারই ধারাবাহিকতায় ১২ জুন রাত ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির আভিযানিক দল রামু উপজেলার রাজারকুল রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মামলা হওয়ার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ও মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।​

গ্রেপ্তার নূরুল ইসলাম নাহিদ (৩০) কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়ার আব্দুস সালামের ছেলে।​​

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন