রুমা হাসপাতালে অক্সিজেন সহায়তা, উন্নত চিকিৎসায় ২০ রোগী

রুমা হাসপাতালে অক্সিজেন সহায়তা, উন্নত চিকিৎসায় ২০ রোগী

বান্দরবানের রুমা উপজেলায় হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সমন্বিত ও তৎপর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। পরিস্থিতির সার্বিক উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।

এরই অংশ হিসেবে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী এবং বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী।

চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরের পর কর্মকর্তারা হাসপাতালের সার্বিক চিকিৎসাব্যবস্থা পরিদর্শন করেন এবং আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রান্তিক ও দুর্গম এলাকা থেকে আসা আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী দ্রুত যোগাযোগ ও স্থানান্তরের ব্যবস্থা রাখা হয়েছে।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ পর্যন্ত জটিল অবস্থায় থাকা ২০ জন রোগীকে প্রশাসনের বিশেষ অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিরাপদে স্থানান্তর করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, রুমা উপজেলার প্রতিটি দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সেবা সার্বক্ষণিক সচল রাখা হয়েছে, যাতে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন