আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙীখালী এলাকা থেকে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের দুই লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বিজ্ঞাপন

রোববার নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট এই অভিযান চালায়। সোমবার (০৯ মার্চ) দুপুরে নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নৌবাহিনীর তথ্যমতে, নৌবাহিনীর কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় মাদক বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। ওই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়।

নৌবাহিনী বলছে, অভিযানকালে মাদক কারবারিদের আস্তানা থেকে ২টি সাদা রঙের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার করা বস্তুা গুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

বাহিনীটির তথ্যমতে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা।

পরে উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, দেশব্যাপী অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপ্রাপ্ত এলাকা গুলোতে বাংলাদেশ নৌবাহিনী নিরবিচ্ছিন্ন ভাবে অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই সাথে দেশের উপকূলীয় এলাকাকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন