আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা

ইলিশের পোনাসহ (জাটকা) সব মাছ রক্ষায় দুই মাসের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে। আজ শনিবার রাত ১২টার পর থেকে মাছ শিকারে দুই মাসের এই নিষেধাজ্ঞা শুরু হবে।

জানা গেছে, নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের চরাঞ্চলসমৃদ্ধ মতলব উত্তর উপজেলার ৯ হাজার ১০০ জেলের প্রত্যেককে চার কিস্তিতে ১৬০ কেজি চাল দেবে সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

বিজ্ঞাপন

ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার ও হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

এ দুই মাস উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে শুধু প্রশাসনিক তৎপরতা যথেষ্ট নয়। জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর হলেও জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে এর সুফল দীর্ঘ মেয়াদে টেকসই হবে না।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়ে মা ও জাটকা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চালানো হবে। এ দুই মাস অসাধু জেলেরা যাতে কোনোভাবেই নদীতে নামতে না পারেন, সে জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে মৎস্য বিভাগ। এক্ষেত্রে জেলেদের নির্ধারিত ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

মতলব উত্তরের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ‘মতলব উত্তরের ৩০ কিলোমিটারের এই নৌসীমানার মধ্যে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে। এর পরও যদি কোনো জেলে আইন অমান্য করে নদীতে নেমে জাটকা নিধন করেন, তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।’

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, অভিযানের সময় নদীতে নামলেই আইনি ব্যবস্থায় নেওয়া হবে। জাতীয় সম্পদ রক্ষায় জনপ্রতিনিধিসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন