পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা, আটক ১

পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা, আটক ১
নিহত মোহাম্মদ তোহা । ছবি: আমার দেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কলা চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১২টায় উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ার নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে এবং পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে অভিযুক্ত আনোয়ার হোসেন (২৯) নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোহাম্মদ তোহার বাড়ির গাছ থেকে কলা চুরি হয়। রাত পৌনে ১২টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এজাহার মিয়ার পরিবারের সদস্যরা তোহাকে মারধর করে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এজাহার মিয়ার পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয়রা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আনোয়ার হোসেন এজাহার মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি, দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।

নিহত তোহার পরিবারের অভিযোগ, তাকে শক্ত লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পটিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি। প্রাথমিকভাবে ঘটনার সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লাশ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পটিয়া আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, ‘মোহাম্মদ তোহা অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। আমরা চাই, এ ঘটনায় তার পরিবার যেন ন্যায়বিচার পায়।’

এদিকে পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের নেতারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন