জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ

জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাদরাসায় মাদ্রাসা থেকে সরকারি ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদরাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়। বীজগুলো মাদরাসা সুপার শামসুল ইসলাম হেলালী মজুত রেখেছেন বলে জানা যায়।

বিজ্ঞাপন

অভিযুক্ত মাদরাসা সুপার শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির এবং মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপারের (অধ্যক্ষ) দায়িত্বে রয়েছেন।

লোহাগাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল মাদরাসাটি পরিদর্শনকালে মাদরাসার সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান। এ সময় তিনি কক্ষটি খোলার নির্দেশ দেন। পরে সে কক্ষটি খুলে ১৩ বস্তা আমন ধানের বীজ দেখতে পান।

মাদ্রাসা সুপার শামসুল ইসলাম হেলালী বলেন, আমার তালিকার ভিত্তিতে উপজেলা কৃষি অফিস থেকে দুই জন কৃষকের মাধ্যমে বীজগুলো আমার কাছে পৌঁছানো হয়েছে। কিছু কৃষক না আসায় কিছু ধানের বস্তা দেওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মাদ্রাসা প্রাঙ্গণ ত্যাগ করার পর সেগুলো কৃষকদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, ‘বীজগুলো কৃষকদের বিনা মূল্যে বিতরণ করার জন্য ২০ দিন আগে দুজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠিয়েছিলাম। বীজগুলো কেন এখনো বিতরণ করা হয়নি, কীভাবে সেগুলো একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ বলেন, ‘উদ্ধারের পর বীজগুলো কৃষকদের বিতরণ করা হয়েছে। মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন