বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আগামী (৯ আগস্ট) রোববার বাঁশখালী সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সফরস্থল ও যোগাযোগ ব্যবস্থার প্রস্তুতিও চলছে।
এ উপলক্ষে উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতে স্থাপিত হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মাসুদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরস্থল, নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ও সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালী আসছেন। তিনি বলেন, এ আসনটি তার মরহুম পিতা আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বারবার বিএনপিকে উপহার দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বাঁশখালীর মানুষ অপেক্ষায় রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল ও সুশৃঙ্খল করতে প্রশাসন ও সংশ্লিষ্টরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

