কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত যৌথ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ ও ২২ পিস ইয়াবাসহ দুর্ধর্ষ এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।
একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিসহ মোট ১৭ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, আনসার, র্যাব, সিআইসি অফিস এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ২৩০ জন সদস্য এ যৌথ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন জানায়, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, অপহরণকারী, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের মাঠসংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ডাকাত সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি জিয়াউর রহমানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ এবং ২২ পিস ইয়াবা উদ্ধার করে যৌথ বাহিনী ।
তার বিরুদ্ধে অপহরণ, অপহরণ-পরবর্তী হত্যা এবং অপহরণ করে চাঁদা দাবিসহ মোট পাঁচটি নিয়মিত মামলা রয়েছে।
এ ছাড়া অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন মাদক মামলার আসামি এবং অনলাইন জুয়া খেলার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং নয়জনকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে জনকল্যাণমূলক সশ্রম কাজে নিয়োজিত করার নির্দেশ দেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

