ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ‘পুশইন’ করানোর প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট কুমিল্লা জেলা ও মহানগর শাখা।
শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে পূর্বসমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশে বক্তারা সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক পুশইনের ঘটনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।
তিনি আরও বলেন, এ ধরনের অমানবিক কর্মকাণ্ড বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সীমান্ত হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইন মেনে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পরিচালনার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমির মোহাম্মদ মোসলেহ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোবারক হোসেন, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক এবং খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল।
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল এবং কাউন্সিলর মোশাররফ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক অ্যাডভোকেট সিরাজুল হক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, এবি পার্টি কুমিল্লা মহানগরী সভাপতি জি এম সামদানি, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম এবং দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

