সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দুই বোন হলো—স্বর্ণা রানী কাহার (৭) ও রূপা রানী কাহার (৫)। তারা ওই এলাকার কৃষ্ণ কাহারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কৃষ্ণ কাহারের স্ত্রী পিংকী রানী গৃহস্থালির কাজে বাথরুমে ছিলেন। এই সুযোগে তাঁর দুই শিশুসন্তান বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। কিছু সময় পর বাথরুমে কাজ শেষ করে বের হয়ে পিংকী রানী ঘাটে মেয়েদের দেখতে পাননি। পরে তিনি আশপাশের বাড়িতে তাদের খোঁজ নিতে যান। সেখানে তাদের না পেয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে পুকুরের পানির ওপর বুদ্‌বুদ উঠতে দেখে তাঁর সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে তিনি পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যে দুই মেয়ের নিথর দেহ পানি থেকে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন