চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিক্রির অভিযোগে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও ফৌজদারি মামলা করা হয়েছে।
চাকরিচ্যুত ওই ইউপি সচিব হলেন সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) গোলাম মোস্তফা শামীম। চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন।
এর আগে রোববার শহরের বিপণীবাগ এলাকা থেকে ৫ টন চালসহ একটি মিনি পিকআপ জব্দ করে উপজেলা প্রশাসন। অভিযোগ উঠেছে, মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে জেলেদের সহায়তার জন্য বরাদ্দ করা চাল বিতরণ না করে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে চালগুলো চাঁদপুরের বাইরে নিয়ে যাওয়ার পথে প্রশাসন সেগুলো জব্দ করে।
চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাল পরিবহনের বিষয়টি জানতে পেরে হাজিগঞ্জ থেকে মিনি পিকআপটি চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় ফিরিয়ে আনা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম ৫ টন চাল জব্দ করেন । জব্দ করা চাল চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) গুদামে রাখা হয়। এ ঘটনা উদ্ঘাটন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
চালের ক্রেতা হিসেবে পরিচয় দেওয়া ইউনুস দাবি করেন, লক্ষ্মীপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের কাছ থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকায় ৫ টন চাল কিনেছেন তিনি। দুপুরে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের পর সেগুলো লাকসামে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে পথে আলীগঞ্জ এলাকা থেকে প্রশাসনের নির্দেশে চালবোঝাই গাড়িটি চাঁদপুরে ফিরিয়ে আনা হয়।
ইউনুসের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে গোলাম মোস্তফা শামীম অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ‘আমাকে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনায় জড়ানো হচ্ছে। এ বিষয়ে আমি কিছু জানি না।’
এ ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

