ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য হেফাজতে

ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য হেফাজতে
শিমুল হোসেন। ছবি: আমার দেশ

ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) খাগড়াছড়ির তথ্যের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পানখাইয়া পাড়া সড়কের দার আল হিজাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় প্রায় এক মাস ধরে এক নারীকে সঙ্গে নিয়ে অবস্থানরত এক যুবককে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি মোঃ শিমুল হোসেন, কনস্টেবল (নং-১৫১৬), বিপি নং-৯৭১৬১৯০৬৯৫। তার কর্মস্থল খাগড়াছড়ি জেলা পুলিশ লাইনসে।

জানা গেছে, গত ১৯ মে ২০২৬ তারিখে কুষ্টিয়ায় একটি মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইনসের আরআই (সশস্ত্র) আইয়ুব আলীর অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন শিমুল হোসেন। তবে এরপর থেকে তিনি আর কর্মস্থলে যোগদান করেননি।

পুলিশের তথ্যমতে, বিভাগীয়ভাবে তাকে কর্মস্থলে যোগদানের জন্য বাড়ির ঠিকানায় একাধিকবার নোটিশ ও চিঠি পাঠানো হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীকালে তাকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত (গরহাজির) হিসেবে দেখিয়ে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তার বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে অর্থ আদায়ের চেষ্টা করে আসছিলেন। এছাড়া জেলার চিহ্নিত মাদক কার্বারীদের সঙ্গে হোটেল অবস্থান ও বৈঠক করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । অভিযানকালে কী কী উদ্ধার করা হয়েছে নিশ্চিত করা হয়নি।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম হেফাজতে নেওয়া ব্যক্তি পুলিশ সদস্য বলে নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...