১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের গাড়িবহর মিরসরাই থানা অতিক্রম করে মিরসরাই পৌরসভার পথসভা মঞ্চের কাছাকাছি পৌঁছালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে লাল কার্ড প্রদর্শনের ঘটনা ঘটেছে। শতশত নেতাকর্মীর উপস্থিতিতে শনিবার বিকেলে মিরসরাই থানা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চ উপলক্ষে মিরসরাইয়ের ফুটওভার ব্রিজসংলগ্ন পথসভা মঞ্চে বিকেল ৪টা থেকে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টায় ডা. শফিকুর রহমানের গাড়ি থানা অতিক্রম করে মঞ্চ থেকে প্রায় ৩০০ গজ দূরে থানা মসজিদের সামনে পৌঁছালে মহাসড়কের ডিভাইডারের পাশে এক যুবক দাঁড়িয়ে থাকেন। গাড়িটি কাছে আসার পর তিনি ডিভাইডারের ওপর বসে জামায়াত আমিরকে উদ্দেশ করে লাল কার্ড প্রদর্শন করেন। এ সময় ওই যুবককে অন্য একজন ভিডিও ধারণ করে দিতে দেখা যায়।
ঘটনার পর খোঁজ নিয়ে জানা যায়, লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য। এছাড়া তিনি মিরসরাই উপজেলা ছাত্রদলের মিরসরাই পৌরসভা ক্রীড়া কমিটির সদস্য বলেও জানা গেছে। তিনি মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার ছেলে।
এদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের কেন্দ্রীয় আমিরের মতো একজন জাতীয় রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে প্রকাশ্যে এ ধরনের আচরণকে ধৃষ্টতা ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে; কিন্তু কয়েক হাজার মানুষের সামনে একজন জাতীয় নেতাকে উদ্দেশ করে এ ধরনের প্রদর্শন রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন বলেন, কেন্দ্রীয় নেতাদের এ ধরনের ঘটনা বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। আমরা এমন কাজের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

