নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে!

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে!
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, লাকসাম। ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের দুই একর জায়গা এখন ভূমিদস্যুদের দখলে। ইতিমধ্যে আরএস ২২১৬, ২২২৪, ২২২৩, ২৪১৭ দাগের সম্পদ ও প্রফেসর কলোনি বেহাত হওয়ার পথে।

স্থানীয় ভূমি অফিস ও কলেজ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ক্রটিপূর্ণ বিএস খতিয়ান সৃজনের মাধ্যমে এখন এসব জায়গা বেচাকেনার উৎসব চলছে।

বিজ্ঞাপন

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রকাশিত ২০২৬ সালের প্রতিষ্ঠাবার্ষিকীতে কলেজের ৮.১১ একর সম্পদের তথ্য উল্লেখ করা হয়। কিন্তু বাস্তবে ৬ একরের বেশি জায়গা কলেজের দখলে নেই বলে জানা যায়। কলেজের আরএস খতিয়ানগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে।

সম্প্রতি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে এমপি আবুল কালামের চোখে ক্যান্টিন বেদখলের বিষয়টি ধরা পড়ে। তিনি তৎক্ষণাৎ ওই ক্যান্টিন উদ্ধারের নির্দেশ দেন। সেই সঙ্গে কলেজের এক ইঞ্চি জায়গাও কাউকে দখল করতে দেবেন না বলে ঘোষণা দেন। এরপর শুরু হয় কলেজ প্রশাসনের দৌড়ঝাঁপ। কিন্তু এ ব্যাপারে তথ্য-উপাত্ত খুঁজে পাচ্ছে না তারা।

স্থানীয় ভূমি অফিসের সহায়তায় অবিলম্বে সিএস নকশা ও আরএস খতিয়ানের আলোকে কলেজের সম্পদগুলো চিহ্নিত করে ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করা দরকার বলে স্থানীয় জনগণের অভিমত।

বিএনপির কেউ এ দখলকাণ্ডে জড়িত কি না, জানতে চাইলে এমপি আবুল কালাম বলেন, ‘এরা ভূমিদস্যু, এটাই বড় পরিচয়। বিএনপির কেউ এটা করতে পারে না। বিএনপির নাম ভাঙিয়ে কেউ এ ধরনের অপকর্মে জড়ালে দল থেকে বহিষ্কারসহ তাদের আইনের হাতে সোপর্দ করা হবে। এমপি হিসেবে এসব অপকর্মের দায় আমি নেব না।’

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, ‘এমপি মহোদয় আমাদের কোনো নির্দেশনা দেননি। কলেজ কর্তৃপক্ষ তাদের জায়গার জন্য প্রয়োজনে সহকারী কমিশনারকে (ভূমি) চিঠি দেবে, আমরা নবাব ফয়জুন নেছা যাদুঘর নিয়ে কাজ করছি।’

নবাব ফয়জুন নেছা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনির আহমেদ বলেন, ‘এমপি মহোদয়ের নির্দেশনা আমরা পেয়েছি। আমার কলেজের সমুদয় জায়গা চিহ্নিতকরণে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের সহযোগিতা নেব।’

কলেজের শিক্ষার্থী দিদার হোসেন বলেন, ‘জায়গাগুলো অনেক আগেই চিহ্নিত করা দরকার ছিল। সাধারণ শিক্ষার্থীরা এর জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন