লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে চার যাত্রী নিহত, আহত ১৫

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে চার যাত্রী নিহত, আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রেহেনা বেগম (৬৬) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী। পরে আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাসে থাকা এক যাত্রী বলেন, চট্টগ্রামগামী বাস মারসা পরিবহনের চালক কক্সবাজারের হারবাং ইউনিয়ন এলাকায় আরেকটি গাড়ির চালকের সাথে কথা কাটাকাটি করায় মেজাজ হারিয়ে ফেলে। পরে ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের সামনে আসার পর কক্সবাজারগামী আরেকটি মারসা পরিবহনের সঙ্গে তার বাসের সংঘর্ষ হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ খান বলেন, ঘটনাস্থল থেকে এক বাসযাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আহত ১৫ জনকে উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। লাশ ও দুর্ঘটনাকবলিত বাসগুলো থানায় আনা হচ্ছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন