২৩ জুন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সহিংসতা এবং ঝটিকা মিছিল করতে পারে নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন । এজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং বিএনপি ও অঙ্গ সংগঠন ।
২২ জুন সোমবার বিকেলে কুমিল্লা মহানগরীর বিভিন্ন সড়কে মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য এবং সহিংসতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেন ।
মিছিলে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা সাধারণ সম্পাদক ফাইয়াজ রশিদ প্রিমো, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আলম জিলানী সাধারণ সম্পাদক আজমির শরীফসহ কুমিল্লা মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ।
মিছিল শেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন । তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ । শান্ত কুমিল্লাতে অশান্ত করার চেষ্টা করা হলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব । কোনো ধরনের সহিংসতা এবং নৈরাজ্যকে ছাড় দেওয়া হবে না । দক্ষিণ জেলার প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনকে সহায়তা করার জন্য ।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাইয়াজ রশিদ প্রিমো বলেন, জনগণের ক্ষতি করে কোনো নিষিদ্ধ সংগঠন অরাজকতা করার চেষ্টা করলে ছাত্রদল প্রতিহত করবে । মহানগরীর প্রতিটি পয়েন্টে ছাত্রদল আগামী ২৪ ঘণ্টা অবস্থান করবে ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নাশকতা করতে পারে নিষিদ্ধ আওয়ামী লীগ এমন কোনো তথ্য আছে কি না আর আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক কিনা?
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার আমার দেশকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের প্রচার-প্রচারণা যেহেতু আইনত নিষিদ্ধ এজন্য আমরা যেকোনো ধরনের ঝটিকা মিছিল প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছি । গত দুদিন থেকেই আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে ।
কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, আগামীকাল নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নৈরাজ্য এবং সহিংসতা করার চেষ্টা করা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে । তারা ডিজিটালই কার্যক্রম করতে চাইলে আমরাও সেভাবেই তাদেরকে প্রতিহত করব ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

