ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর তিতাস নদী থেকে এক ড্রেজার ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মিরপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
মৃত মোকবল হোসেন গুড্ডু (৩৮) ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামের মৃত মোহন মিয়া ব্যাপারীর ছেলে।
মোকবলের বড় ভাই বাবুল মেম্বার ও স্থানীয়রা জানান, ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১০টার পর ড্রেজার থেকে হঠাৎ নিখোঁজ হন মোকবল। এরপর স্বজন ও স্থানীয়রা নদী ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় জিডি করা হয়। মোকবলের কোনো সন্ধান না পাওয়ায় পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। রোববার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি বিশেষ ডুবুরি দল মিরপুর এলাকায় তিতাস নদীতে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে টানা তল্লাশি চালানোর পর দুপুর দেড়টার দিকে নদীর পানির তলদেশে ডুবুরিরা একটি নৌকার সাথে লোহার অ্যাঙ্গেল দিয়ে বাঁধা মোকবলের লাশের সন্ধান পান। নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্টেশন লিডার মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে ডুবুরি আশিক মাহমুদ ও দেলোয়ার হোসাইন এ উদ্ধার অভিযানে সরাসরি অংশ নেন।
বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ উন্মোচন করা সম্ভব হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

