এবার ১০ লাখ টাকায় ট্রেন ভাড়া ছাত্রদলের

এবার ১০ লাখ টাকায় ট্রেন ভাড়া ছাত্রদলের

চট্টগ্রাম থেকে ঢাকামুখী হচ্ছে ১৯ বগির এক বিশাল ট্রেন। কোনো উৎসব নয়, কোনো সরকারি কর্মসূচিও নয় এ যাত্রার নাম ‘ছাত্রদলের ছাত্রসমাবেশ’। আগামী ৩ আগস্ট ঢাকার শাহবাগে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম জেলা ও মহানগর ছাত্রদল ভাড়া করেছে এই বিশেষ ট্রেন। ভাড়া গুনেছে পুরো ১০ লাখ ৪৭৫ টাকা।

বিজ্ঞাপন

শুক্রবার রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ আমার দেশকে বলেন, ‘সব নিয়ম মেনেই ট্রেনটি বুকিং দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা পুরো ভাড়া পরিশোধ করেছেন।’

বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকালে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এবং আবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের পথে ফিরবে।

নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ট্রেন করে প্রায় ২ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় যাচ্ছি। এছাড়া বাসেও অনেকে যাবেন। এটি ছাত্রদলের এক ঐতিহাসিক অংশগ্রহণ হতে যাচ্ছে।’

শুধু ট্রেন ভাড়া নয়, প্রতিটি বগির জন্য আলাদা নিরাপত্তা, খাবারের ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা নিয়েও চলছে প্রস্তুতি। ইতোমধ্যে বগি ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন ইউনিট, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কমার্স কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রদলের ইউনিটগুলোকেও এই ট্রেনযাত্রায় যুক্ত করা হচ্ছে। এর বাইরে উপজেলা পর্যায়ের ছাত্রনেতারাও রয়েছেন সক্রিয় ভূমিকায়।

সামগ্রিকভাবে এই উদ্যোগ ছাত্রদলের সাংগঠনিক সক্ষমতার একটি ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই ট্রেন যাত্রা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মধ্যে কিছুটা সতর্কতা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন